Boys profile

আবু সাঈদ মারা যাননি, আছেন ফ্রান্সে’ বিষয়ে যা বলছে ফ্যাক্ট চেক

                  আবু সাঈদ মারা যাননি, আছেন ফ্রান্সে’ বিষয়ে যা বলছে ফ্যাক্ট চেক


ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়, গোলাম মাওলা রনি বলেছেন, ‘আবু সাঈদ মারা যাননি, ফ্রান্সে আছেন। ড. ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন।’ তবে, বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের যাচাই অনুসারে, এই ভিডিওটি ভুয়া এবং এটি কারসাজি করে তৈরি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

তাদের অনুসন্ধানে জানা যায়, পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি এমন কোনো মন্তব্য করেননি যে, ‘আবু সাঈদ মারা যাননি, ফ্রান্সে আছেন। ড. ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন।’ বরং, তার একটি ভিন্ন মন্তব্যের ভিডিও ক্লিপ নিয়ে কারসাজি করা হয়েছে। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ওই ভিডিও ক্লিপে ‘আবু সাঈদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল Golam Maula Rony’ শীর্ষক শিরোনাম জুড়ে দিয়ে এটি সম্পাদিত ও প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, ভিডিওটির পটভূমিতে গোলাম মাওলা রনির অস্পষ্ট এবং খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। তবে ভিডিওতে করা দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। এছাড়া, মূলধারার গণমাধ্যম বা কোনো বিশ্বাসযোগ্য সূত্রেও গোলাম মাওলা রনির এ ধরনের মন্তব্যের কোনো ভিত্তি পাওয়া যায়নি।

তাছাড়া, গোলাম মাওলা রনির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাঈদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি। বরং, গত ১৬ জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাঈদকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন।



Comments