- Get link
- X
- Other Apps
আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা : ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন যে আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে। সরকারের লক্ষ্য হলো আগামী সাধারণ নির্বাচনকে ঐতিহাসিক এবং একটি 'উদাহরণযোগ্য' ইভেন্ট হিসেবে উপস্থাপন করা।
রবিবার নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসন তার সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।
সাক্ষাৎকালে ড. ইউনূস রাষ্ট্রদূতকে বাংলাদেশকে একটি আঞ্চলিক পণ্য বিতরণ কেন্দ্র (হাব) হিসেবে প্রতিষ্ঠা করার এবং দেশে আরও বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান জানান।
তিনি রাষ্ট্রদূতকে বলেন, নরওয়েজিয়ান পণ্য এশিয়ার বাজারে বিতরণের জন্য বাংলাদেশকে ব্যবহার করুন। এতে আপনার দেশের লোকবলের পরিবর্তে আমাদের দেশের দক্ষ যুবকদের কাজে লাগানো যাবে। এর উদাহরণ হিসেবে তিনি গ্রামীণফোনের কথা উল্লেখ করেন, যা নরওয়েজিয়ান কোম্পানি টেলিনরের জন্য বিশ্বব্যাপী সবচেয়ে লাভজনক উদ্যোগগুলোর একটি।
রাষ্ট্রদূত গুলব্র্যান্ডসন বাংলাদেশ সরকারের প্রতি নরওয়ের সমর্থন জানানোর জন্য দেশটির প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন পরিচালনা এবং প্রয়োজনীয় সংস্কার চালানোর প্রচেষ্টায় নরওয়ের প্রধানমন্ত্রী পূর্ণ সমর্থন জানিয়েছেন।
তিনি আরও বলেন, মানবাধিকার সুরক্ষা এবং পরিবেশগত টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি প্রশংসনীয়।
রাষ্ট্রদূত জানান, নরওয়ে জাহাজ পুনর্ব্যবহার ও সবুজ জ্বালানি রূপান্তর নিয়ে বাংলাদেশে কাজ করতে আগ্রহী। এছাড়া, ফিলিস্তিন ইস্যু, আন্তর্জাতিক করনীতি এবং প্লাস্টিক দূষণ নিয়ে বাংলাদেশ ও নরওয়ে আন্তর্জাতিক ফোরামে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক।
মিয়ানমারের পরিবর্তিত পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নরওয়ের সহায়তা চান ড. ইউনূস। তিনি বলেন, “শান্তিরক্ষায় নরওয়ের অভিজ্ঞতা অনন্য। তাই রোহিঙ্গা সংকট সমাধানে আমাদের জন্য নরওয়ের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এছাড়া, ঢাকায় নরওয়ের ডেপুটি হেড অব মিশন মারিয়ান রাবে নাইভেলসরুড ফিলিস্তিনে মানবিক প্রবেশাধিকারের পক্ষে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশ সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানান।

Comments
Post a Comment