Boys profile

মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল

 মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল



বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী মঙ্গলবার চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন।

রবিবার রাতে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে সাক্ষাৎ শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী, যিনি জনগণের অত্যন্ত প্রিয়, তিনি তার চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে রওনা হচ্ছেন। এ উপলক্ষে আমরা জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা আজ তাকে বিদায় শুভেচ্ছা জানাতে এসেছিলাম এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি।”

মির্জা ফখরুল আরও বলেন, “আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি, তিনি যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে, তাতে তিনি যেন আবার নেতৃত্ব দিতে পারেন। জাতির এই প্রত্যাশা পূরণে আল্লাহ তাকে শক্তি দান করুন।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তিনি আমাদের নির্দেশ দিয়েছেন একসঙ্গে কাজ করার, জনগণের পক্ষে দাঁড়ানোর এবং গণতন্ত্রের জন্য অবিরাম লড়াই চালিয়ে যাওয়ার। আমরা আশা করি, তিনি দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসবেন।”


Comments